*ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাণী*
*বিসমিল্লাহির রাহমানির রাহিম*
চট্টগ্রামের শিক্ষা অঙ্গনে ঐতিহ্য, সুনাম ও গৌরবের এক উজ্জ্বল নাম চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যাপীঠ জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে আদর্শ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি উপস্থাপনা, বক্তৃতা, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, নৈতিকতা ও দেশপ্রেম বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের প্রতিষ্ঠানের মূলনীতি ‘শিক্ষা, ধৈর্য ও শৃঙ্খলা’। এই তিনটি আদর্শকে ধারণ করেই আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট, যেখানে প্রতিটি শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শিষ্টাচার, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে একজন সত্যিকারের মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।
এই মহান লক্ষ্য বাস্তবায়নে অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের সযত্ন দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতায় চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় আগামী দিনেও সাফল্য, সুনাম ও ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে শিক্ষার উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
*ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক*
রেবেকা সুলতানা
চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়,
চট্টগ্রাম